খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বিভিন্ন অভিযোগে পাঁচ শিক্ষকসহ সাত কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ১১৫তম সিন্ডিকেট সভায় এ প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়। পরে আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন কুয়েটের ডেপুটি রেজিস্টার মাইনুল হক।
বিশ্ববিদ্যালয়ের আইনলঙ্ঘন, ভুয়া অভিজ্ঞতা দেখিয়ে চাকরিতে যোগদান, নিয়োগের বয়সসংক্রান্ত অনিয়মসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্তদের তদন্ত সাপেক্ষে সাতজনকে চাকরিচ্যুত করা হয়েছে।
চাকরিচ্যুত শিক্ষকরা হলেন সিএসই বিভাগের অধ্যাপক ড. পিন্টু চন্দ্র শীল, আইইএমের অধ্যাপক ড. সুব্রত তলাপাত্র, ইএসই বিভাগের সহকারী অধ্যাপক নিবিড় মণ্ডল, মানবিক ও ব্যবসা বিভাগের অধ্যাপক ড. মাসরুরা মোস্তফা এবং একই বিভাগের সহকারী অধ্যাপক শাহরিয়ার রোমান। এছাড়া ডেপুটি রেজিস্টার নিমাই চন্দ্র মিস্ত্রি ও অফিস সহায়ক সত্যজিৎ কুমার দত্তকেও চাকরিচ্যুত করা হয়েছে। এরা দীর্ঘদিন সাময়িক বরখাস্ত ছিলেন।
মাইনুল হক চরচাকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের ১১৫তম সিন্ডিকেট সভায় সাতজনকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ ছিল। যার কারণে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।”
মাইনুল হক বলেন, “অভিযোগ তদন্তের পর অনেকের কাছ থেকে ব্যাখ্যা তলব করা হয়েছিল। কেউ দিয়েছে কেউ দেয়নি। সর্বসম্মতিভাবে সিন্ডিকেট সভায় পাঁচ শিক্ষক, এক কর্মকর্তা ও এক কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে।”