গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
আজ বুধবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন- লালচান (৬০), তানিশা (১৬) ও নাসিমা (৫০)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে টঙ্গী থেকে দগ্ধ তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে লালচানের শরীরের ৯৫ শতাংশ, তানিশার ৮৬ শতাংশ এবং নাসিমার ৮৫ শতাংশ পুড়ে গেছে।
সুলতান মাহমুদ জানান, তিনজনের শরীরের বেশিরভাগ দগ্ধ হওয়ায় তাদের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তাদের সবার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
তবে কীভাবে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।