মাগুরা শহরের একটি বাস কাউন্টার থেকে আজ বুধবার ভোরে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুব সংগঠন যুবদলের স্থানীয় এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত মো. সাকের হোসেন যুবদলের মাগুরা পৌর শাখার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক।
বুধবার সকাল ৬টার দিকে মাগুরা বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের কাউন্টার থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সাকের হোসেন মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকার ব্যাপারীপাড়ার প্রয়াত কুতুব উদ্দিনের ছেলে। তিনি রয়েল এক্সপ্রেসের ওই কাউন্টারের ব্যবস্থাপক হিসেবেও কাজ করতেন।
স্থানীয়রা জানান, বুধবার ভোরে কাউন্টারে সাকেরকে পড়ে থাকতে দেখে তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান তারা। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাকেরকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, সাকেরের মাথার পেছনে গর্তের মতো একটি চিহ্ন পাওয়া গেছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাইনুল হাসান বলেন, হাসপাতালে আনার আগেই সাকেরের মৃত্যু হয়েছিল।
তিনি আরও বলেন, তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে সাকেরের স্বজন ও স্থানীয়রা দাবি করেছেন, তাকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে।
তবে এ দাবির পক্ষে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, বুধবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার মাথার পেছনে একটি চিহ্নও পাওয়া গেছে।
তিনি বলেন, “এ পর্যায়ে তাকে গুলি করে হত্যা করা হয়েছে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।”