ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার চিন্নাটেকুরে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার ভোরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। পরে বাসটিতে আগুন লেগে যায়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বাসটি হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। এখন পর্যন্ত ১১ জনের মৃতদেহ শনাক্ত হয়েছে, বাকি ৯ জনের পরিচয় এখনো নিশ্চিত হয়নি।
পুলিশ জানায়, বাসটি দ্রুতগতিতে চলছিল। সংঘর্ষের পর মোটরসাইকেল বাসের সামনে আটকে যায়, এরপর আগুন ধরে যায়। বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে থাকায় অনেকে বের হতে পারেননি।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করলেও বাসটি প্রায় শতভাগ পুড়ে যায়। আহতদের কুর্নুল সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর চালক পালিয়েছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নায়ডু এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। পাশাপাশি আহতদের সহায়তার নির্দেশ দিয়েছেন।