প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিবের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে গাজী সালাউদ্দিন তানভীরকে।
জুলাই মাসের গণ-অভ্যুত্থানের পর সচিবালয়ে প্রবেশ করে ডেপুটি কমিশনার নিয়োগে হস্তক্ষেপ এবং জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সঙ্গে পাঠ্যপুস্তক মুদ্রণ চুক্তি-সংক্রান্ত কমিশন লেনদেনে জড়িত থাকার অভিযোগে তাকে প্রথমবার ২০২৫ সালের এপ্রিলে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করায় ব্যাপক সমালোচনার পর গতকাল শুক্রবার রাতে তানভীরকে তার প্রাতিষ্ঠানিক পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে তাকে আত্মপক্ষ সমর্থন, তথ্য-প্রমাণ ও ব্যাখ্যাসহ একটি লিখিত জবাব দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে।
হবিগঞ্জসহ সিলেট বিভাগের তিনটি জেলায় এনসিপির পদযাত্রায় হামলা ও বাধার উল্লেখ করে, ছাত্রদল ও যুবদলের নেতারা জড়িত বলে অভিযোগ তুলে গতকাল এক ফেসবুক পোস্টে সালাউদ্দিন তানভীর প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেন। ফেসবুকে অনেকের সমালোচনার মুখে তিনি পোস্টটি সরিয়ে নেন। তবে পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে।
পরে গত রাতে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে সালাউদ্দিন তানভীরকে পাঠানো দলের একটি চিঠি প্রকাশ করা হয়। এতে বলা হয়, ‘আপনার বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এ রকম একটি মন্তব্য করতে দেখা গেছে। বিষয়টির গুরুত্ব বিবেচনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশে আপনাকে অবিলম্বে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়া হলো। একই সঙ্গে কেন আপনার বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আপনার লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা এই নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে দাখিল করার নির্দেশ হল।’