রাজধানীর গুলশানে চার বছর বয়সী সাইবেরিয়ান হাস্কি জাতের পোষা কুকুর ‘কাই’কে গাড়িচাপা দিয়ে হত্যায় অভিযুক্ত গাড়িটি শনাক্ত করেছে পুলিশ। কালো রঙের টয়োটা ফরচুনার গাড়িটির নিবন্ধন নম্বরসহ গতকাল মঙ্গলবার রাতে গুলশান থানায় দণ্ডবিধির ৪২৮/৪২৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
তবে ঘটনার সময় গাড়িটির চালকের আসনে কে ছিলেন, তা নিশ্চিত হতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গত ২২ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে গুলশান-২-এর ৬৩ নম্বর সড়কে খেলছিল পোষা কুকুর কাই। সে সময় একটি কালো টয়োটা ফরচুনার গাড়ি মোড় ঘোরানোর সময় সড়কে সামনে বসে থাকা কুকুরটির ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার পরপরই পথচারী ও স্থানীয় ভবনের নিরাপত্তাকর্মীরা গাড়িটি থামানোর চেষ্টা করলেও চালক গাড়ি থেকে নামেননি; জানলা নামিয়ে কিছু মুহূর্ত অবস্থান করেই দ্রুত স্থান ত্যাগ করেন।
কুকুরটির অভিভাবক ইপ্সা নাজিয়া আদিবা ঘটনার পর সিসিটিভি ফুটেজে গাড়ির নম্বর স্পষ্টভাবে দেখা না যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিচার চেয়ে পোস্ট দেন। তিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘‘কাইকে যে হত্যা করেছে, সেই ব্যক্তিকে খুঁজে পেতে আমাকে সাহায্য করুন।’’
আদিবা জানান, আড়াই বছর আগে এক বন্ধুর কাছ থেকে তিনি কাইকে নিজের কাছে নিয়ে আসেন এবং তাকে নিজের সন্তানের মতো লালন-পালন করতেন।
পরে ফেসবুক পোস্টের সূত্র ধরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় গত ১২ অক্টোবর গুলশানের ৬৮ নম্বর সড়কের একটি বাসা থেকে গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়।
গুলশান থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আলমগীর জানান, ইপ্সা নাজিয়া আদিবার লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা নিয়ে আইনি প্রক্রিয়া চালানো হচ্ছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চালকের অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেলেও সুনির্দিষ্টভাবে চালকের আসনে কে ছিলেন, তা সিসিটিভি ফুটেজ ও প্রমাণের ভিত্তিতে নিশ্চিত হয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।