খাদ্যনিরাপত্তা পর্যবেক্ষণ জোরদার এবং খাবারে ভেজাল রোধের প্রচেষ্টার অংশ হিসেবে খাদ্যের নমুনা পরীক্ষার কাজে ব্যবহৃত একটি মোবাইল ল্যাবরেটরি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে প্রবেশের আগে তিনি মোবাইল ল্যাবরেটরিটি পরিদর্শন করেন।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের অধীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিচে রাখা মোবাইল ল্যাবরেটরির ভেতরে গিয়ে তিনি খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।
এ সময় কর্মকর্তারা তাকে ল্যাবরেটরিটির কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে দেশের ৬৪টি জেলায় খাদ্যের নমুনা পরীক্ষা ও পর্যবেক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে। এসব কার্যক্রমে সহায়তা দিতে মোবাইল ল্যাবরেটরি ব্যবহার করা হচ্ছে।
বর্তমানে আটটি মহানগর এলাকায় মোবাইল ল্যাবরেটরির মাধ্যমে খাদ্যের নমুনা পরীক্ষা ও পর্যবেক্ষণ করা হচ্ছে। পর্যায়ক্রমে এ কর্মসূচি দেশের ৬৪টি জেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এসব কার্যক্রম পৃথকভাবে পরিচালিত হচ্ছে।
এ ছাড়া, ২০২৬–২৭ অর্থবছরে সক্ষমতা বৃদ্ধির প্রকল্পের আওতায় ৭২টি মোবাইল ল্যাবরেটরি ভ্যান চালুর উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
ভ্যানগুলোতে খাদ্যনিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ব্যবস্থাও রয়েছে। এগুলোর বাইরের অংশে স্থাপিত মনিটরে খাদ্যনিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক বার্তাসংবলিত ভিডিও প্রদর্শন করা হয়।
পরিদর্শনকালে খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি, চিফ হুইপ নুরুল ইসলাম মনি এমপি, খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী এমপি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, জনপ্রশাসনসচিব কামরুজ্জামান চৌধুরী এবং খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।