Advertisement

বরিশালে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত, ১ লাখ টাকা জরিমানা

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

বরিশালে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত, ১ লাখ টাকা জরিমানা

বরিশালের বানারীপাড়া উপজেলায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক স্থানীয় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার এক অভিযানে স্থানীয় ডিলার মো. শামসুল আলম শিমুকে এ জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

Advertisement

অনুসন্ধানে জানা যায়, শামসুল আলম শিমুর সর্বোচ্চ ৪০টি গ্যাস সিলিন্ডার মজুতের অনুমতি থাকলেও তিনি দীর্ঘদিন ধরে প্রায় ২ হাজার থেকে ২ হাজার ৫০০টি গ্যাস ভর্তি সিলিন্ডার নিজ বাড়িতে মজুত করে রাখেন। পরে এসব সিলিন্ডার উপজেলা সদরের বন্দর বাজারের ফেরিঘাট সংলগ্ন তার দোকান ‘বৈশাখী প্লাস’ থেকে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

এনএসআই সদস্যদের দীর্ঘদিনের নজরদারিতে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে উপজেলা প্রশাসন তার বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা আরোপ করে। পাশাপাশি মজুদকৃত সিলিন্ডার দ্রুত সরবরাহ এবং অনুমতিপত্র অনুযায়ী ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Advertisement

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বরিশাল জেলার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বাইজিদুর রহমান এ অভিযান পরিচালনা করেন। এসময় জেলা এনএসআইয়ের কর্মকর্তা ও বাংলাদেশ পুলিশের বানারীপাড়া থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।