দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বর্তমানে সংসদের অধিবেশন চলমান না থাকায় ভোটগ্রহণের জন্য সংসদ সদস্যদের আলাদা বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে সভাপতিত্ব করার পাশাপাশি নির্বাচন পরিচালনা করছেন সিইসি।
আজ জাতীয় সংসদ সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এ নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেবেন। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।
সংসদের ঠিক মাঝামাঝি জায়গায় একটি ব্যালট বাক্স রাখা হয়েছে। সেখানে একে একে ব্যালট পেপারে ভোট দিচ্ছেন সংসদ সদস্যরা।
ভোটগ্রহণের শুরুতে বক্তব্য দেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। তিনি রাষ্ট্রপতি পদে দুই প্রার্থী, তাদের প্রস্তাবক ও সমর্থকের নাম ঘোষণা করেন। সংসদ সদস্যরা কীভাবে ভোট দেবেন তার নিয়ম বলে দেন। ব্যালট পেপারে পূর্ণ নাম স্বাক্ষর করার কথা বলেন। ব্যালট বাক্সে কীভাবে ব্যালট পেপার রাখবেন তা বলে দেন। বিকেল ৫টার পর ভোট গণনা শুরু হবে বলে জানান।
সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে অন্য প্রার্থীকে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে।
এদিকে, নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে বঙ্গভবন। আগামীকাল শুক্রবার সন্ধ্যায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।