প্রতিরক্ষা সহযোগিতা জোরদার ও কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে তুরস্ক, কাতার, ইন্দোনেশিয়া ও পাকিস্তান ‘বদর মেমোরেন্ডাম’ স্বাক্ষর করেছে। গতকাল বুধবার কাতারের রাজধানী দোহায় চার দেশের প্রতিরক্ষামন্ত্রীদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
চুক্তিতে স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন তুরস্কের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের, কাতারের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আব্দুল রহমান বিন হাসান আল থানি, ইন্দোনেশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী ইউসুফ জওহারি ও পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্সি অফ ডিফেন্স ইন্ডাস্ট্রিজ-এর প্রধান হালুক গোরগুনও উপস্থিত ছিলেন।
‘বদর’ (যার অর্থ ‘পূর্ণচন্দ্র’) নামে অভিহিত এই চুক্তির লক্ষ্য হলো সামরিক উৎপাদন খাতে সহযোগিতা বৃদ্ধি করা, সামরিক সক্ষমতা জোরদার করা এবং কারিগরি সামরিক প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে যৌথ কার্যক্রমকে সহায়তা করা, বলে জানিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয় আরও জানায় যে, এই উদ্যোগটি আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার অগ্রগতির সাথে সামঞ্জস্যপূর্ণ সমাধান ও শিল্প খাত গড়ে তুলতে সহায়তা করবে।
এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরকারী দেশগুলোর জন্য উল্লেখযোগ্য অর্থনৈতিক গুরুত্ব বহন করে। এটি তাদের সামরিক উৎপাদন সক্ষমতাকে একত্রিত করে, পারস্পরিক সমন্বয় উন্নত করে এবং মিত্র ও বন্ধুপ্রতিম দেশগুলোর চাহিদা পূরণের লক্ষ্যে তাদের প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করে তোলে।
মন্ত্রণালয়ের ভাষ্যমতে, এই চুক্তির মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা সম্প্রসারিত হবে, প্রতিরক্ষা শিল্পে সম্পর্ক আরও গভীর হবে এবং নিরাপত্তা, স্থিতিশীলতা ও অভিন্ন লক্ষ্য অর্জনের সমর্থনে বহুপক্ষীয় সহযোগিতা জোরদার হবে।