সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে বিষ মিশ্রিত খাবার খাইয়ে হত্যার পর বিষপান করার অভিযোগ উঠেছে বাবা শরাফত আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এতে ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় অভিযুক্ত শরাফত আলীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তিন শিশু হলো— মাওয়া আক্তার (১০), তামিম আহমদ (৭) ও শামিম আহমদ (২)।
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে শরাফত আলী তার তিন সন্তানকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ান এবং নিজেও বিষপান করেন। বিষয়টি টের পেয়ে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় বাদাঘাট বাজার ও পরে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় শরাফত আলীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়।
অভিযুক্ত শরাফত আলীর বড় ভাই মারফত আলী জানান, তার ভাই বিগত কয়েক মাস ধরে নেশাগ্রস্ত ছিলেন। সম্প্রতি স্ত্রীর বিদেশে যাওয়া নিয়ে পরিবারে তীব্র বিরোধ তৈরি হয়। বিভিন্ন জায়গা থেকে ধার-দেনা করায় বাধ্য হয়ে শরাফতের অমতেই দুই দিন আগে তার স্ত্রী সৌদি আরব যান। স্ত্রী চলে যাওয়ার এক দিন পরই শরাফত এই ঘটনা ঘটান।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ জানান, খবর পেয়ে ভোরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্ত ও স্বজনদের বরাতে পারিবারিক কলহ ও হতাশা থেকেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। তবে অভিযুক্ত শরাফত আলী বর্তমানে পুলিশ নজরদারিতে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।