Advertisement

আওয়ামী গুপ্ত সন্ত্রাস জুলাইয়ের শক্তিকে আবারও ঐক্যবদ্ধ করবে: মঞ্জু

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

আওয়ামী গুপ্ত সন্ত্রাস জুলাইয়ের শক্তিকে আবারও ঐক্যবদ্ধ করবে: মঞ্জু
আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ফাইল ছবি

আওয়ামী গুপ্ত সন্ত্রাস জুলাইয়ের সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ করবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

Advertisement

এক বিজ্ঞপ্তিতে এবি পার্টি জানিয়েছে, বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আজ মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

মঞ্জু বলেন, “আওয়ামী লীগের বোমাবাজির জবাব পাল্টা বোমাবাজি বা সন্ত্রাস দিয়ে দেওয়া হবে না। বরং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উপায়ে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে মোকাবিলা করা হবে। আওয়ামী গুপ্ত সন্ত্রাস জুলাইয়ের সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ করবে।”

এবি পার্টির চেয়ারম্যান বলেন, “শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য ডিসেম্বরের ডেডলাইন দিয়েছেন। সেই সময়কে সামনে রেখে একটি মহল দেশে জ্বালাও-পোড়াও, বাসে অগ্নিসংযোগ ও বোমাবাজি শুরু করেছে। ঘুমন্ত বাসচালককে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। মানুষ হত্যা ও বোমাবাজি করে কীভাবে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথ তৈরি করা সম্ভব?”

Advertisement

মঞ্জু বলেন, “জনগণকে ভয় দেখানোর রাজনীতিতে পরাজিত হবার পরও আওয়ামী লীগের শিক্ষা হয়নি। এ ধরনের সহিংসতা করে রাজনৈতিকভাবে কোনো অর্জন সম্ভব নয়।”

এবি পার্টির চেয়ারম্যান বলেন, “আজ শেখ হাসিনা মানেই আতঙ্ক, শেখ হাসিনা মানেই সন্ত্রাসের প্রতীক। সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে রাজনীতি করতে পারলে আওয়ামী লীগকে ক্ষমতা হারাতে হতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রক্তাক্ত করার ঘটনাও ছাত্র-জনতা ভুলে যাবে না। আওয়ামী লীগ যত বেশি সন্ত্রাস করবে, জনগণের কাছ থেকে তত বেশি বিচ্ছিন্ন হবে।”

সরকারের গোয়েন্দা তৎপরতার বিষয়ে তিনি বলেন, “সরকারকে বলতে চাই, আপনাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে বলে আমরা দেখেছি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা কি গোয়েন্দা সংস্থাগুলোর জানা ছিল না? এসব নাশকতা প্রতিরোধে গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা কী ছিল, সেই প্রশ্নের জবাব দিতে হবে।”

মঞ্জু বলেন, “সরকার যদি মনে করে তারা পরিস্থিতি মোকাবিলায় সক্ষম হচ্ছে না, তাহলে জুলাইয়ের সব শক্তিকে সঙ্গে নিয়ে আমরা স্বেচ্ছাসেবক দল গঠন করব। ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে কাজ করব। প্রতিটি ঘটনার দায় সরকার ও ফ্যাসিবাদী শক্তিকেই নিতে হবে।”