Advertisement

৬.৫ শতাংশ জিডিপির আশা অর্থমন্ত্রীর

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

৬.৫ শতাংশ জিডিপির আশা অর্থমন্ত্রীর

অর্থনীতির নানা দিকে চাপের মুখে থেকেও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ২০২৬-২৭ অর্থবছরে ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির আশা করছেন। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রাক্কলিত জিডিপি প্রবৃদ্ধির চেয়ে যা ২ দশমিক ৩৬ শতাংশ বেশি।

Advertisement

আজ বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সংসদে উপস্থাপনের সময় অর্থমন্ত্রীর তার আশার কথা তুলে ধরেন।

চলতি অর্থবছরের বাজেটে ৫ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরেছিল অন্তর্বর্তী সরকার।

আগামী অর্থবছরের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে জিডিপি ধরা হয়েছে ৬৮ লাখ ৩০ হাজার ২৪ কোটি টাকা।

Advertisement

আমির খসরু বাজেট বক্তৃতায় বলেন, “একটি শক্তিশালী ও সমৃদ্ধ অর্থনীতির ভিত্তি গড়ে ওঠে দেশের প্রতিটি নাগরিকের সৃজনশীলতা, শ্রম, দক্ষতা ও উৎপাদনশীল সক্ষমতার ওপর। সে কারণে, বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক রূপান্তরের পথে যাত্রা শুরু করেছে। ফলে, উন্নয়নের সুফল সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে যাবে। এ লক্ষ্যকে সামনে রেখে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা অর্জন, পুনর্গঠন ও বিনিয়োগ নির্ভর প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে মধ্যমেয়াদি কৌশলগত কাঠামো প্রণয়ন করেছি।”

মন্ত্রী বলেন, “এই কাঠামোর আওতায় ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে আমরা দেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৮.৫ শতাংশে উন্নীত করতে, মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনতে, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ জিডিপির ২.৭ শতাংশে উন্নীত করতে এবং মোট বিনিয়োগকে জিডিপির ৪০ শতাংশে উন্নীত করতে চাই।”

অর্থনীতিতে গতি সঞ্চারের লক্ষ্যে সরকার এই পরিকল্পনা তিনটি ধাপে বাস্তবায়ন করতে চায় জানিয়ে আমির খসরু বলেন, একে তারা থ্রি-আর (Recovery & Stabilization, Restoration and Reconstruction for Acceleration Strategy) কৌশল হিসেবে বিবেচনা করছেন।

অর্থমন্ত্রী বলেন, “আমাদের পরিকল্পনার প্রথম ধাপ- অর্থনীতির পুনরুদ্ধার কার্যক্রম, যা এক বছর মেয়াদি। দ্বিতীয় ধাপ- অর্থনীতির উত্তরণ, যা বর্তমান সরকারের এক থেকে তিন বছর মেয়াদের মধ্যে সম্পন্ন হবে। তৃতীয় ধাপ- সমৃদ্ধ অর্থনীতি বিনির্মাণ, যা আগামী পাঁচ বছরের মধ্যে সম্পন্ন করা হবে।”