পাবনায় বজ্রপাতে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতির বিলে এ ঘটনা ঘটে। খবর বাসসের।
নিহতরা হলেন- উপজেলার মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা এলাকার রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমোড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাজাহান প্রামানিকের ছেলে মিজানুর রহমান (১০) এবং নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), নলমুড়া মালঞ্চি গ্রামের শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) ও ইবাদুলের ছেলে ইমন (১৪)।
আজ শুক্রবার দুপুরে বিভিন্ন এলাকা থেকে অনেকে সদর উপজেলার সোনাপাতির বিলে মাছ ধরতে গিয়েছিলেন। বিকেলে বৃষ্টির মধ্যে বিলের একটি ঘরে আটজন আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। দুজন গুরুতর আহত হন। তারা বেশ কিছুক্ষণ ঘরে পড়ে ছিলেন। পরে সন্ধ্যার দিকে টের পেয়ে আশপাশের এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। তারা আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”