Advertisement

খুলনায় দুই শিশু ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

খুলনায় দুই শিশু ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মো: রিয়াজুল ইসলাম। ছবি: সংগৃহীত

খুলনার কয়রায় পাঁচ বছরের দুই শিশু ধর্ষণের অভিযোগে মো: রিয়াজুল ইসলাম নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম করাদাণ্ড দেওয়া হয়। আজ বৃহস্পতিবার খুলনার জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো: রাখিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

Advertisement

দণ্ডপ্রাপ্ত আসামি ২ নং কয়রা গ্রামের মো: শেরজুল ইসলামের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী হরিদাস তরফদার।

আদালতের সূত্র জানায়, ২০২৫ সালের ২৯ জুলাই বাদী ও তার প্রতিবেশী চাচী শাশুড়ি বাড়িতে ছিলেন না। এদিন বিকেলে ৪ টার দিকে বাদীর শিশু কন্যা ও প্রতিবেশীর মেয়ে বাড়ির সামনে খেলা করছিল। এ সময়ে বাদীর মেয়ে ও প্রতিবেশীর মেয়েকে খাবারের প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নেয় মো: রিয়াজুল ইসলাম।

এ সময়ে তার বাড়িতে কেউ না থাকার সুযোগে দুই শিশুকে ধর্ষণ করে। তারা ভয় পেয়ে বাড়িতে এসে মায়ের কাছে ঘটনাটি খুলে বলে। এ ঘটনার ৫ দিন পর আসামি পুনরায় একই ঘটনা ঘটায়। শিশুদের মায়েরা বিষয়টি অবগত হয়ে নৌবাহিনী ও থানা পুলিশকে জানায়। এরপর তারা আসামিকে গ্রেপ্তার করে।

Advertisement

এ ঘটনায় ভিকটিম একজন শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ২০০০ এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন। একই বছরের ২৯ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা প্রণয় মন্ডল আসামি মো: রিয়াজুল ইসলামকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। চলতি বছরের ৩ মার্চ আদালতে চার্জ গঠন করা হয়। এ ঘটনায় মামলায় আদালতে ১০ জন সাক্ষ্য দেন।