Advertisement

রংপুরে ৪ খুন: চুরির উদ্দেশ্যেই হত্যাকাণ্ড, দুজনের বিরুদ্ধে চার্জশিট

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

রংপুরে ৪ খুন: চুরির উদ্দেশ্যেই হত্যাকাণ্ড, দুজনের বিরুদ্ধে চার্জশিট
পুলিশ বলছে, চুরির উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। প্রতীকী ছবি

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় দুই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে পুলিশ।

Advertisement

আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মুহাম্মদ মাহবুবুর রশিদ এ তথ্য জানান। খবর ইউএনবির।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ছাদে মাদক সেবন দেখে ফেলায় সৃষ্ট বাগ্‌বিতণ্ডা নয়, বরং পূর্বপরিকল্পিতভাবে চুরি করতে গিয়েই ওই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

পুলিশ কমিশনার বলেন, “নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। দুই আসামি-সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ধারণা ছিল, অবসরকালীন ভাতা হিসেবে পাওয়া ২০ লাখ টাকা এবং স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালার বিপুল পরিমাণ স্বর্ণালংকার গণপতি চক্রবর্তীর বাড়িতে রাখা আছে।”

Advertisement

মাহবুবুর রশিদ আরও জানান, সিদ্ধার্থের পরিকল্পনা ছিল টাকা ও স্বর্ণালংকার চুরি করে পরিবারসহ ভারতে চলে যাওয়া। অন্যদিকে, মাছের দোকানে কর্মরত মুগ্ধ এই টাকা দিয়ে একটি গরুর খামার গড়ে তুলে নিজের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন।

তদন্তে এই হত্যাকাণ্ডে দুই আসামির সরাসরি সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে এবং আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে উল্লেখ করে কমিশনার বলেন, আসামিদের বিরুদ্ধে হত্যা, বসতঘরে চুরি এবং সংঘবদ্ধভাবে অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জিন্নাত আলী গত ২২ নভেম্বর আদালতে চার্জশিট জমা দেন। এতে ৫৩ জন সাক্ষীর জবানবন্দি এবং ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে। পুলিশ কমিশনার বলেন, “গণপতি চক্রবর্তীর হত্যাকাণ্ড কোনো অনুমাননির্ভর বিষয় নয়, বরং তদন্তে সংগৃহীত তথ্য-প্রমাণের ভিত্তিতে এটি প্রতিষ্ঠিত হয়েছে।”

ঘটনার বিবরণ দিয়ে পুলিশ কমিশনার জানান, চুরির উদ্দেশ্যে দুই আসামি গত ২১ আগস্ট ভোররাতে গণপতির বাড়িতে যান। বাড়িতে বিদ্যুৎ-সংযোগ না থাকায় ভেতরে ঢুকে চুরি করার সুযোগ খুঁজতে তারা পরিবারের কারও বাইরে বের হওয়ার অপেক্ষায় ছিলেন। কিন্তু বাড়ির ছাদে গণপতি তাদের দেখে ফেলেন। এ সময় আসামিরা প্রথমে গণপতিকে এবং পরে তার স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থীকে হত্যা করেন। সবশেষে ঘরের ভেতরে গিয়ে ছেলে আয়ুষ চক্রবর্তী প্রিয়মকেও শ্বাসরোধে হত্যা করা হয়।

হত্যাকাণ্ডের পর আসামিরা অবসরকালীন ২০ লাখ টাকার খোঁজে ঘরের আলমারি ও ড্রয়ার তল্লাশি করেন। তবে ওই টাকা না পেয়ে তারা ঘরে থাকা কিছু নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান, যা পরে তাদের গ্রেপ্তারের পর উদ্ধার করা হয়।

কমিশনার জানান, তথ্য-প্রমাণের ভিত্তিতেই তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন যে, মূল্যবান জিনিসপত্র চুরির উদ্দেশ্যেই এই দুজন হত্যাকাণ্ড ঘটিয়েছেন।