Advertisement

মক্কা প্যাক্টে যোগদানের প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করা হবে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মক্কা প্যাক্টে যোগদানের প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করা হবে: পররাষ্ট্রমন্ত্রী
খলিলুর রহমান। ছবি: বাসস

প্রতিরক্ষা চুক্তি ‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশের যোগদানের বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর পক্ষ থেকে প্রস্তাব এলে তা ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেছেন, প্যাক্টের সদস্য দেশগুলো বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করলে সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

Advertisement

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এদিন বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনের বৈঠক শুরু হয়।

রুমিন ফারহানা তার সম্পূরক প্রশ্নে বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান গত ৭ আগস্ট মক্কা প্যাক্ট স্বাক্ষর করেছে। বাংলাদেশ এতে যুক্ত হলে দেশের কী ধরনের সুবিধা হবে?

Advertisement

জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘মক্কা প্যাক্টটি বর্তমানে তিনটি দেশের মধ্যে সম্পাদিত হয়েছে। বাংলাদেশ এ প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে। তবে এতে বাংলাদেশের যোগদানের বিষয়টি এখনো আলোচনায় আসেনি। কারণ, সেটি প্যাক্টের সদস্য দেশগুলোর অভিপ্রায়ের ওপর নির্ভর করবে।’’

খলিলুর রহমান বলেন, “তারা যদি বাংলাদেশকে এ প্যাক্টে নেওয়ার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করে, তাহলে আমরা নিশ্চয়ই এটাকে ইতিবাচকভাবে বিবেচনা করব।”

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রস্তাব আসার আগে প্যাক্টটির ভালো-মন্দ নিয়ে বিস্তারিত আলোচনা করার সময় সম্ভবত এখনো আসেনি। প্রস্তাব এলে সংশ্লিষ্ট সব বিষয় বিবেচনা করা হবে।”

মক্কা প্যাক্টের সম্ভাব্য বিস্তারের প্রসঙ্গে তিনি বলেন,“ এটি যদি আরও বিস্তৃত হয়, তাহলে তা বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা হিসেবে বিবেচিত হতে পারে।”