মার্কিন কিংবদন্তি বিনিয়োগকারী ওয়ারেন বাফেট শুক্রবার বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ১৯৭০ সাল থেকে টানা এই পদে থাকা ৯৬ বছর বয়সী বাফেট এখন ‘চেয়ারম্যান ইমেরিটাস’ হিসেবে পরিচালনা পর্ষদে থাকবেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন ছেলে হাওয়ার্ড বাফেট। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বার্কশায়ার হ্যাথাওয়ে শুক্রবার এক বিবৃতিতে জানায়, বাফেট তাৎক্ষণিকভাবে চেয়ারম্যান ইমেরিটাস হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেই থাকবেন। হাওয়ার্ড বাফেট ১৯৯৩ সাল থেকে কোম্পানির পরিচালক। কোম্পানির সিইও হিসেবে দায়িত্বে রয়েছেন কানাডীয় বিনিয়োগকারী গ্রেগ অ্যাবেল। তিনি গত বছরের শেষে বাফেটের কাছ থেকে সিইও পদ গ্রহণ করেন।
শেয়ারহোল্ডারদের উদ্দেশে লেখা এক চিঠিতে বাফেট লেখেন, গ্রেগ অ্যাবেল তাঁর প্রত্যাশার চেয়েও ভালো কাজ করেছেন এবং এখন সময় এসেছে দায়িত্ব হস্তান্তর সম্পূর্ণ করার। অ্যাবেল কোম্পানি চালাবেন, আর হাওয়ার্ড এর সংস্কৃতি ও মূল্যবোধ রক্ষা করবেন।
বাফেট ১৯৬৫ সাল থেকে বার্কশায়ারের সঙ্গে যুক্ত। তার নেতৃত্বে একটি ব্যর্থ টেক্সটাইল কোম্পানি থেকে এটি প্রায় এক ট্রিলিয়ন ডলার মূল্যের বিশাল কনগ্লোমারেটে পরিণত হয়।