ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বর নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের বরাতে আজ সোমবার বার্তা সংস্থা ইউএনবি জানায়, নতুন আটজনের মৃত্যুতে চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে মোট ২৩৩ জনে পৌঁছেছে। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ১৩৬ জন, যা মোট মৃত্যুর অর্ধেকেরও বেশি। সর্বশেষে মৃতদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার ২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগে ১ জন করে রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭৩০ জনে। তাদের মধ্যে সিংহভাগ রোগীই চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।