Advertisement

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত
জাতীয় সংসদ ভবন। ছবি: রয়টার্স

জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ হিসেবে ঘোষণা করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ায় বাংলাদেশ পাবলিক হেলথ অ্যাডভোকেটস এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ পাবলিক হেলথ অ্যাডভোকেটস মনে করে, দেশের সর্বোচ্চ আইনসভা এবং গণতান্ত্রিক চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও এর চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করা জনস্বাস্থ্য সুরক্ষা, তামাক নিয়ন্ত্রণ এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তামাকের ধোঁয়া শুধু ধূমপায়ীদের নয়, অধূমপায়ীদের জন্যও মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে। পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে সংসদ সদস্য, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, দর্শনার্থীসহ সংসদ চত্বরে আগত সকলকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Advertisement

বাংলাদেশ পাবলিক হেলথ অ্যাডভোকেটস মনে করে, জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত ঘোষণার পাশাপাশি সেখানে ধূমপান এবং সব ধরনের তামাকজাত দ্রব্যের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে যথাযথ নজরদারি, সচেতনতামূলক কার্যক্রম এবং বিদ্যমান আইন ও বিধিবিধানের কার্যকর প্রয়োগ নিশ্চিত করা জরুরি।

একই সঙ্গে দেশের সকল সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, আদালত এবং অন্যান্য জনসমাগমস্থলে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে জাতীয় সংসদের এই উদ্যোগ অনুকরণীয় ভূমিকা রাখতে পারে বলে মনে করে এই সংগঠন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পাবলিক হেলথ অ্যাডভোকেটস আশা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের উত্থাপিত এই উদ্যোগ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে জাতীয় সংসদ জনস্বাস্থ্য সুরক্ষা এবং তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।