হারানো বিজ্ঞপ্তি দিয়ে আওয়ামী লীগকে খুঁজতে হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।
আজ বৃহস্পতিবার নগরীর কাজীর দেউড়ি মোড়ে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।
শাহাদাত হোসেন বলেন, “আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন রাজপথে দেখা যায় না। হারানো বিজ্ঞপ্তি দিয়ে আওয়ামী লীগকে খুঁজতে হচ্ছে। তারা রাতের অন্ধকারে কিছু টোকাই দিয়ে ফ্লাইওভারের ওপর থেকে বোমা মারছে।”
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি রাজপথে না নেমে ছিনতাইকারী, টোকাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের অর্থের বিনিময়ে ভাড়া করে বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে।
শাহাদাত হোসেন আরও বলেন, “এ ধরনের অপতৎপরতা চালিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা সফল হবে না। বাংলাদেশের জনগণ এসব সন্ত্রাসী হামলার উপযুক্ত জবাব দেবে।”
মহানগর বিএনপির সাবেক সভাপতি বলেন, “বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রে বিশ্বাসী মানুষ অগ্নিসন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। কোনো অপশক্তি সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারবে না।”
শাহাদাত হোসেন বলেন, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের মাধ্যমে দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক আরও বলেন, দেশ থেকে বিতাড়িত হয়ে বিদেশে বসে আগুন সন্ত্রাস করছে পলাতক আওয়ামী লীগ। ২০২৪ সালের জুলাই-আগস্টে শিশু ও শিক্ষার্থীদের হত্যার পরও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই।