মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানের চাবাহার বন্দর থেকে নিজেদের অংশীদারত্ব বা স্টেক সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে ভারত। সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের বরাতে মিডল ইস্ট আই জানিয়েছে, বন্দরটির মালিকানাধীন শেয়ার একটি ইরানি কোম্পানির কাছে বিক্রি করে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে নয়াদিল্লি।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরাসরি কার্যক্রম থেকে সরে দাঁড়ালেও বন্দরটির গুরুত্ব বিবেচনায় একটি 'অন্তর্বর্তীকালীন ব্যবস্থা' বা 'ইন্টারিম অ্যারেঞ্জমেন্ট' নিয়ে ভাবছে। নিষেধাজ্ঞার এই সময়কালে একটি ইরানি অপারেটর বন্দরটির সার্বিক ব্যবস্থাপনা দেখভাল করবে।
অন্যদিকে ব্লুমবার্গের বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে, চাবাহার বন্দরে ভারতের ১২০ মিলিয়ন ডলারের বিনিয়োগ নিয়ে কীভাবে এগোবে, সে বিষয়ে ভারত বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে আলোচনা চালাচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এই আলোচনাগুলো বর্তমানে চলমান। উল্লেখ্য, আফগানিস্তান ও মধ্য এশিয়ায় বাণিজ্যিক প্রবেশের জন্য ভারত ২০২৫ সালের নভেম্বরে এই বন্দরে কার্যক্রম পরিচালনায় একটি ছয় মাসের বিশেষ ছাড় পেয়েছিল।