বাংলাদেশে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৪ জন মারা গেছে। খুলনা বিভাগে দুজন এবং ঢাকা বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন করে মারা গেছে। মৃত চারজনের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৪ জন ডেঙ্গু রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা ইউএনবি এই তথ্য জানিয়েছে।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২১ জনে। তাদের মধ্যে সেপ্টেম্বর মাসের ৭ দিনেই মারা গেছে ২৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ১৩৯ জন, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ১৪৩ জন এবং দুই সিটির বাইরে ঢাকা বিভাগের ২২৫ জন রয়েছে।
এ ছাড়া, বরিশাল বিভাগে ১৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৮ জন, খুলনায় ২৩৫ জন, ময়মনসিংহে ৮১ জন, রংপুরে ৩৬ জন, রাজশাহীতে ৯৯ জন এবং সিলেটে ৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
চলতি বছর এ পর্যন্ত ৪৩ হাজার ৯০৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৪০ হাজার ৭০৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।