Advertisement Banner

‘জামায়াত মাদকের চেয়েও ডেঞ্জারাস’–বিএনপি নেতা বুলুর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
‘জামায়াত মাদকের চেয়েও ডেঞ্জারাস’–বিএনপি নেতা বুলুর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকতউল্লা বুলুর সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ বুধবার সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।

গত ৫ মে নোয়াখালীর বেগমগঞ্জে একটি খাল খননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে বরকতউল্লা বুলু বলেন, “জামায়াতে ইসলামী হলো একটা আফিম, এটা মাদকের চেয়েও ডেঞ্জারাস। এটা একবার যে খায়, সে জীবনে আর ভুলতে পারে না। এখানে তাদের নেতারা যা বলেন শুদ্ধ-অশুদ্ধ-ভুল, এরা এটাই মানে। মওদুদির বংশের কেউ কিন্তু জামায়াতে ইসলামী করে না।”

তার এমন মন্তব্যকে উদ্ভট, বিদ্বেষমূলক ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।

বিবৃতিতে জুবায়ের বলেন, “জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাজনৈতিক ইসলামী সংগঠন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নৈতিকতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। একটি রাজনৈতিক দলের নেতার মুখ থেকে এ ধরনের বিদ্বেষমূলক ও বিভ্রান্তিকর বক্তব্য জাতির রাজনৈতিক সংস্কৃতির জন্য অকল্যাণকর।”

বিবৃতিতে আরও বলা হয়, “আমরা মনে করি, মতপার্থক্য থাকতে পারে, কিন্তু রাজনৈতিক শিষ্টাচার ও পারস্পরিক সম্মান বজায় রাখা সকল রাজনৈতিক নেতার দায়িত্ব। রাজনৈতিক প্রতিপক্ষকে হেয়প্রতিপন্ন করতে অবমাননাকর ভাষা ব্যবহার গণতান্ত্রিক রীতিনীতি ও মূল্যবোধের পরিপন্থী।”

সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, “জামায়াতে ইসলামী দেশের জনগণের কল্যাণ, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ধারায় জনগণের পাশে থাকবে, ইনশাআল্লাহ। আমরা জনাব বরকতউল্লা বুলুকে রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে দায়িত্বশীল আচরণ করার এবং বিভেদ ও উসকানিমূলক বক্তব্য পরিহার করার আহ্বান জানাচ্ছি।”

সম্পর্কিত