ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় বৈদ্যুতিক ঘাস কাটার মেশিন চালানোর সময় বিদ্যুতায়িত হয়ে এক বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন—মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) এবং তার স্ত্রী মীনা ভৌমিক (৬০)।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেশী মুকুল হোসেন জানান, বুধবার সকালে অমরেন্দ্র গবাদিপশুর খাবার তৈরির জন্য বৈদ্যুতিক মেশিন দিয়ে ঘাস কাটতে বাড়ির গোয়ালঘরে যান। মেশিনটি চালু করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্বামীকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে দেখে মীনা তাকে উদ্ধার করতে ছুটে যান। কিন্তু কোনো ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা না নিয়ে স্বামীকে সাহায্য করার চেষ্টা করায় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দম্পতিকে উদ্ধার করে।
পরে তাদের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আসাদুজ্জামান জোহা তাদের মৃত ঘোষণা করেন।
চিকিৎসক বলেন, “হাসপাতালে আনার আগেই দম্পতির মৃত্যু হয়েছিল। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর খুব দ্রুতই তাদের মৃত্যু ঘটে।”
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, স্বজনদের কোনো আপত্তি না থাকায় তদন্ত ছাড়াই মরদেহ দুটি সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দম্পতির মৃত্যুতে মাধবপুর গ্রাম ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।