Advertisement

সংবর্ধনা অনুষ্ঠানে ‘আ. লীগের হামলা’, যুক্তরাজ্য সরকারের কাছে তদন্তের দাবি নাহিদের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

সংবর্ধনা অনুষ্ঠানে ‘আ. লীগের হামলা’, যুক্তরাজ্য সরকারের কাছে তদন্তের দাবি নাহিদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি: ফেসবুক

লন্ডনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ ঘটনায় যুক্তরাজ্য সরকারের কাছে নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

Advertisement

আজ মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি।

পোস্টে নাহিদ জানান, সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রবাসী কমিউনিটির প্রতিনিধি এবং ১১ দলীয় ঐক্যের নেতারা অংশ নিয়েছিলেন। তিনি লেখেন, “অনুষ্ঠান শেষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

Advertisement

নাহিদ বলেন, হামলার সময় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। তারা সরাসরি ঘটনাটি দেখেছেন। তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের মাধ্যমে হামলার বিষয়টি আন্তর্জাতিক মহলে গুরুত্ব পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আওয়ামী লীগের রাজনৈতিক সহিংসতা, দমন-পীড়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের ইতিহাস তুলে ধরে এনসিপি নেতা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত এই ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন বিদেশের মাটিতেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছে। এটি শুধু প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার জন্য নয়, বরং গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্বাধীনতার জন্যও উদ্বেগজনক।”

নাহিদ বলেন, “গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারো নেই। যুক্তরাজ্যের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়, মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকারকে সহিংসতা এবং ভীতি প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।”

যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ বলেন, হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত করতে হবে। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং দেশটির গণতান্ত্রিক পরিসর ব্যবহার করে সংঘটিত রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।