জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক পরিস্থিতি, কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা ও আঞ্চলিক সংঘাতের কারণে এমন একটি পররাষ্ট্রনীতির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, যা উদীয়মান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এবং একই সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
আজ সোমবার বিআইআইএসএস মিলনায়তনে এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। খবর ইউএনবির।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘‘পারস্পরিকভাবে সংযুক্ত বিশ্বে একটি অঞ্চলের সংকট অন্য অঞ্চলগুলোর ওপরও ব্যাপক ও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলছে। তিনি উল্লেখ করেন, কোনো একটি দেশের রাজধানীতে নেওয়া সিদ্ধান্ত বিভিন্ন মহাদেশের বাণিজ্য প্রবাহকে প্রভাবিত করতে পারে। একইভাবে, বড় শক্তিগুলোর মধ্যে ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তাদের নিকটবর্তী অঞ্চলের বাইরের দেশগুলোর কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার সুযোগকেও প্রভাবিত করতে পারে।’’
বিশ্বজুড়ে চলমান সংঘাত ও বাড়তে থাকা অস্থিতিশীলতার কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘‘বিশ্বে চলমান অস্থিরতার প্রভাব বাংলাদেশও মোকাবিলা করছে।’’
সৌদি আরবে সাম্প্রতিক হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘গত দুই দিনে এসব ঘটনায় বাংলাদেশের দুই নাগরিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া, দেশটির বিভিন্ন হাসপাতালে অন্তত ২৪ জন বাংলাদেশি চিকিৎসা নিচ্ছেন।’’
শামা ওবায়েদ বলেন, “আমরা আসলে বিশ্বজুড়ে অস্থিরতার মধ্যে বাস করছি।”
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘‘বিশ্ব পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের এমন একটি পররাষ্ট্রনীতি প্রয়োজন, যা উদীয়মান আন্তর্জাতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ার পাশাপাশি দেশের জাতীয় স্বার্থের দিকনির্দেশনায় পরিচালিত হবে।’’