রাজশাহীর পবা উপজেলার নিজ বাড়ির ছাদ থেকে আবুল কালাম আজাদ (৪৫) নামে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, আজাদের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
গত বুধবার রাতে উপজেলার মধুসূদনপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বুধবার দিবাগত রাত ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
আবুল কালাম আজাদ পবার নওহাটা বাজারে সবজির দোকান চালাতেন। তিন সন্তানের মধ্যে দুই মেয়ের বিয়ে হয়েছে। ছেলে ঢাকায় নার্সিংয়ে পড়াশোনা করেন।
নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, বুধবার রাতে বাড়ির বাইরে তালা দিয়ে এশার নামাজ পড়তে যান তার স্বামী। এরপর আর বাড়িতে ফেরেননি। স্বামী ফিরে না আসায় রাত ১২টার দিকে ঘরে থাকা অতিরিক্ত চাবি দিয়ে অন্য একজনের সহায়তায় জানালা দিয়ে বাড়ির তালা খোলার ব্যবস্থা করেন তিনি। এরপর বাড়ির আশপাশে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও স্বামীর সন্ধান পাননি।
সাবিনা ইয়াসমিন জানান, তাদের বাড়ির ছাদে উঠতে হলে বাইরে দিয়ে যেতে হয়। সম্ভাব্য সব জায়গায় খোঁজার পর ছাদে গিয়ে স্বামীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। এ সময় ছাদে বিড়ালের লাফালাফির মতো শব্দ শুনেছিলেন বলেও জানান তিনি। তবে এর বেশি কিছু বুঝতে পারেননি।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, আবুল কালাম আজাদের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। বৃহস্পতিবার বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ঘটনার সময় বাড়িতে শুধু নিহতের স্ত্রী ছিলেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, কী কারণে এবং কীভাবে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে।