অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। আজ শুক্রবার মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করার পর এক সংবাদ সম্মেলনে একথা জানান স্পিকার।
জাতীয় সংসদের এলডি হলে স্পিকার জানান, আজ বিকেল ৫টা ১ মিনিটে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করার পর এই পদের দায়িত্ব গ্রহণ করেছেন।
এর আগে, আজ বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান।
স্পিকার বলেন, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব না নেওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হিসেবে আমি রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছি।