ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ বুধবার। তফসিল অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে কার্যভার গ্রহণ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছিল। আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ছয়জন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়।
বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির ওবায়দুল্লাহ মাসুদ ও মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানান, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আপিল না হওয়ায় ছয় প্রার্থীর প্রার্থিতাই বহাল রয়েছে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ভোটার ছিলেন ৫ লাখ ৭ হাজার ২০৩ জন। নতুন ভোটার যুক্ত হওয়ায় বর্তমানে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জন।