যুক্তরাজ্যের লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি মন্তব্য করেছেন, জুলাই অভ্যুত্থানে সক্রিয় যেকোনো ব্যক্তির ওপর ফ্যাসিস্টদের এই আক্রমণ মূলত জুলাইয়ে সক্রিয় থাকা সবার ওপর আক্রমণ।
আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই নিন্দা জানান এবং ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ছবি: ফেসবুক থেকে নেওয়ামাহফুজ আলম তার ফেসবুক পোস্টে লেখেন, ‘‘লন্ডনে হাসনাত আব্দুল্লাহ'র উপর ফ্যাসিস্ট সন্ত্রাসীদের আক্রমণের বিরুদ্ধে নিন্দা জানাই। জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় যে কোন ব্যক্তির বিরুদ্ধে ফ্যাসিস্টদের আক্রমণ জুলাইয়ে সক্রিয় সবার উপর আক্রমণ।’’
তিনি আরও উল্লেখ করেন, ‘‘এন্টি-ফ্যাসিস্ট সকল শক্তিকে মত আর পথের ভিন্নতা সত্ত্বেও এক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকতে হবে।’’
এর আগে গত সোমবার লন্ডনে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন যুক্তরাজ্য আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীরা জুলাই অভ্যুত্থানের এই নেতাকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন।