চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসময় তিনি জানান, আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় কমিশন।
আজ বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘‘চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা কম। আগামী বছরের প্রথম দিকে শুরু করতে চায় নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলা পরিষদ, পৌরসভা এবং সিটি করপোরেশন নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী বছরের ৬ জুনের মধ্যে সব নির্বাচন সম্পন্ন হবে।’’
প্রতিমন্ত্রী বলেন, ‘‘স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠান ছাদ থেকে সৌরবিদ্যুৎ উৎপাদন করবে। এজন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৩৭০ কোটি টাকা। আগামী বছরের জানুয়ারি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। প্রাথমিকভাবে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরে আরো ১৫০ মেগাওয়াট উৎপাদন করা হবে।’’