চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলন চলাকালে দুর্ঘটনায় নিহত দুই সেনা সদস্যের স্বজনরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
আজ মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের সাক্ষাৎ হয় বলে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান। সেখানে তারেক রহমান পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের স্বজনদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। খবর বাসসের।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, “দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সেনাসদস্যরা প্রাণ দিয়েছেন। তারা দেশের জন্য শহীদ হয়েছেন। তাদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারগুলোকে আশ্বস্ত করে বলেন, “এই শোকের সময়ে আমরা আপনাদের পাশে আছি এবং পাশে থাকব। সরকার ও সেনাবাহিনী সবসময় আপনাদের পরিবারের পাশে থাকবে। প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার পাশাপাশি শহীদ সেনাসদস্যদের পরিবারের দেখভালেও সরকার তার দায়িত্ব পালন করবে।”
পরে প্রধানমন্ত্রী দুই সেনাসদস্যের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
উপ প্রেস সচিব শিপলু জানান, সেনাসদস্যদের স্থায়ী ঠিকানায় তাদের পরিবারের জন্য একটি করে বাড়ি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ ছাড়া তাদের স্ত্রীদের চাকরি এবং সন্তানদের মাসিক ভাতা দেওয়ার ব্যবস্থাও করা হবে।
গত ৯ সেপ্টেম্বর হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে দুই সেনাসদস্য নিহত হন। তারা হলেন, সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক এবং সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আবু বকর সিদ্দিকের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার স্ত্রী সুরাইয়া আক্তার জুতি, তার মেয়ে ফাতেমা সিদ্দিকা, বাবা আব্দুল ওহাব ও মা পারভীন আক্তার।
মো. তাসনিম রিফায়াতের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার স্ত্রী মোছাম্মৎ ফাহমিদা আফরিন, মেয়ে রাফসা তাসনিম ইফরা এবং বাবা মো. আসাদুল হক।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জোবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।