Advertisement

জিডিপির হিসাবে গরমিল পেয়েছে সরকার: অর্থমন্ত্রী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

জিডিপির হিসাবে গরমিল পেয়েছে সরকার: অর্থমন্ত্রী
‘জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬’ উপলক্ষে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: অর্থমন্ত্রণালয়

আগের সরকারের আমলে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাবে গরমিল পাওয়া গেছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

Advertisement

আজ রোববার পরিসংখ্যান ভবন অডিটোরিয়ামে ‘জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬’ উপলক্ষে তিনি এ কথা বলেন।

Advertisement

অর্থমন্ত্রী বলেন, “একটি সরকারের ব্যালান্স শিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত। নির্ভুল তথ্যের ভিত্তিতেই ভবিষ্যতের সরকারি নীতি ও পরিকল্পনা প্রণয়ন করা সম্ভব। তাই তথ্য-উপাত্ত গোপন না রেখে সবার জন্য উন্মুক্ত রাখতে হবে। স্বচ্ছতা নিশ্চিতের মাধ্যমে অর্থনীতিকে আরও গণমুখী ও বিশ্বাসযোগ্য করে তুলতে হবে। আগের সরকারের আমলে দেশের জিডিপির হিসাবে কিছু গরমিল পাওয়া গেছে। এসব বিষয় নিয়ে বর্তমানে কাজ চলছে। ফরেনসিক অডিটের উদ্দেশ্য অতীতের কোনো উদ্যোগকে আক্রমণ করা নয়, বরং সমস্যার গভীরে গিয়ে প্রকৃত কারণ খুঁজে বের করা।”

আমির খসরু বলেন, “সরকার রাজনীতির গণতান্ত্রিকীকরণের পাশাপাশি অর্থনীতির গণতান্ত্রিকীকরণ নিশ্চিত করতে চায়। অর্থনীতি গণমুখী ও গণতান্ত্রিক না হলে রাজনৈতিক গণতন্ত্র অর্থবহ হয়ে ওঠে না। এ ক্ষেত্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) কাজের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।”

অর্থমন্ত্রী বলেন, “তথ্যের গোপনীয়তা নয়, বরং উন্মুক্ত তথ্যব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে, যেখানে তথ্য-উপাত্ত প্রকাশের পাশাপাশি সংশ্লিষ্টদের মতামত ও পরামর্শের ভিত্তিতে ভুলত্রুটি সংশোধনের সুযোগ থাকবে। তথ্যের সঙ্গে কারসাজি করা মানে নিজের সঙ্গে প্রতারণা করা। তাই তথ্যের নির্ভুলতা ও জনআস্থা অর্জনের ক্ষেত্রে কোনো আপস করা যাবে না।”

আমির খসরু বলেন, “নির্ভরযোগ্য তথ্য ছাড়া অর্থনৈতিক বৈষম্য দূর করা কিংবা সুনির্দিষ্ট গবেষণা পরিচালনা করা সম্ভব নয়। তথ্য-উপাত্তের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে ডিজিটাল অবকাঠামো ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সর্বোচ্চ ব্যবহার করতে হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে বিবিএস যেভাবে কাজ করছে, তা প্রশংসনীয়।”

এ সময় বিবিএসের বিদ্যমান জনবলসংকট নিরসনে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন অর্থমন্ত্রী। পাশাপাশি তথ্যভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে বিবিএস এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।