পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরার পর সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার সচিবালয়ের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন জাহেদ উর রহমান।
তথ্য উপদেষ্টা বলেন, “যে বক্তব্য উনি দিয়েছেন, সেটা থেকে তো উনি সরে এসেছেন। উনি বক্তব্যের জন্য রিজয়েন্ডার দিয়েছেন। প্রজাতন্ত্রের কর্মচারীরা কোনো ধরনের বেআইনি কাজ করবেন না। প্রধানমন্ত্রী জাপান সফর থেকে দেশে এসে এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন।”
সম্প্রতি আইজিপির বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে বিতর্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এর প্রেক্ষাপটেই তথ্য উপদেষ্টা এসব কথা বলেন।
গত সোমবার সকালে রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চকবাজার ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ওই বক্তব্যে বিতর্কিত মন্তব্য করেন আইজিপি আলী হোসেন।
আইজিপি ওইদিন বলেন, ‘‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ।’’
‘‘আইন সংবিধান অনুযায়ী অপরাধ দমনে যা প্রয়োজন তাই করা হবে। সুখে-শান্তিতে বসবাস করতে হলে পুলিশের প্রয়োজন রয়েছে। স্বাধীনতা আছে বলে যা ইচ্ছা, তা করা যাবে না।’’
আইজিপির এই মন্তব্য প্রকাশিত হওয়ার পরপরই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বৈধতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহি নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
সমালোচনার পরিপ্রেক্ষিতে ওইদিনই আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দেয় পুলিশ সদর দপ্তর। ব্যাখ্যায় বলা হয়, “আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করেছেন আইজিপি। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে কাউকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে তিনি ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করেননি।”