Advertisement

৭ নভেম্বর বাংলাদেশকে নতুন দিকনির্দেশনা দিয়েছিল: রিজভী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

৭ নভেম্বর বাংলাদেশকে নতুন দিকনির্দেশনা দিয়েছিল: রিজভী
৭ নভেম্বর বাংলাদেশকে নতুন দিকনির্দেশনা দিয়েছিল: রিজভী। ছবি: ইউএনবি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি আন্দোলন বাংলাদেশকে নতুন দিকনির্দেশনা দিয়েছিল। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্রের আকাঙ্ক্ষা নতুন করে জাগিয়ে তুলেছিল এই আন্দোলন। খবর বার্তা সংস্থা ইউএনবির।

Advertisement

রিজভী বলেন, ৭ নভেম্বরের আন্দোলনের মধ্য দিয়ে তিনটি অঙ্গীকার সামনে এসেছিল। সেগুলো হলো স্বাধীনতা রক্ষা, সার্বভৌমত্ব সুরক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রের ধারাবাহিকতা নিশ্চিত করা। এসব আদর্শ সামনে রেখেই ২০২৪ সালের জুলাইয়ে মানুষ রাজপথে নেমে এসেছিল এবং তার ভাষায়, গণতন্ত্রবিরোধী শক্তিকে পরাজিত করেছিল।

Advertisement

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫১তম বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে আজ শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

দিবসটি উপলক্ষে বিএনপির পক্ষ থেকে সকাল সাড়ে ৮টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রিজভী বলেন, ৭ নভেম্বরের চেতনা বারবার বাংলাদেশের মানুষকে স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয় সার্বভৌমত্বের পক্ষে দাঁড়াতে অনুপ্রাণিত করেছে।

১৯৭৫ সালের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ওই বছরের ২৫ জানুয়ারি একদলীয় বাকশাল ব্যবস্থা প্রবর্তনের পর দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। এর ফলে মানুষের নাগরিক অধিকার সংকুচিত হয়ে পড়ে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পরবর্তী সময়ে দেশ অনিশ্চয়তা ও রক্তপাতের মধ্যে পড়ে। ৭ নভেম্বরের আগে জিয়াউর রহমান ও তার পরিবারের সদস্যদের সেনানিবাসের বাসভবনে আটক রাখা হয়েছিল।

রিজভীর ভাষ্য অনুযায়ী, তখন মানুষের মধ্যে বাকশাল পুনঃপ্রতিষ্ঠা, নাগরিক স্বাধীনতা হারানো এবং সংবাদমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপের আশঙ্কা গভীর উদ্বেগ তৈরি করেছিল।