তৃতীয় দফায় ৭ হাজার ৬৪১ জন পলিসিধারীর ২৬ কোটি ৩৬ লাখ ৭৯ হাজার ৫৩০ টাকার বিমা দাবি পরিশোধ করা হচ্ছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) তদারকিতে সংশ্লিষ্ট বিমা কোম্পানিগুলো নিজ নিজ কার্যালয় থেকে এসব দাবি পরিশোধ করছে।
আজ রোববার আইডিআরএ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইডিআরএ জানায়, বিমা খাতে গ্রাহকের আস্থা পুনর্গঠন এবং বৈধ বিমা দাবি দ্রুত নিষ্পত্তির অংশ হিসেবে তৃতীয় দফায় এসব দাবি পরিশোধ করা হচ্ছে।
এর আগে প্রথম ও দ্বিতীয় দফায় আইডিআরএ কার্যালয়ে সরাসরি পলিসিধারীদের বিমা দাবি পরিশোধ করা হয়েছিল। এবার সংশ্লিষ্ট বিমা কোম্পানির নিজস্ব কার্যালয় থেকে গ্রাহকদের প্রাপ্য অর্থ দেওয়া হচ্ছে।
আইডিআরএ বলছে, কর্তৃপক্ষের তদারকিতে দাবি পরিশোধের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এর আগে প্রথম দফায় গত ৩ সেপ্টেম্বর সাতটি জীবন বিমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন পলিসিধারীর ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সা এবং দ্বিতীয় দফায় ১৪ সেপ্টেম্বর পাঁচটি কোম্পানির ৫ হাজার ৮৬৮ জন পলিসিধারীর ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা বিমা দাবি পরিশোধ করা হয়। দুই দফায় মোট ৮ হাজার ৪১৭ জন পলিসিধারী ৩৭ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ১১৭ টাকা ৫৮ পয়সা পেয়েছেন।