উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের ১৮তম সম্মেলন আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে। সম্মেলনকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। এবারের সম্মেলনে যুদ্ধ, বাণিজ্য ও জ্বালানি ইস্যুকে আলোচনার প্রধান বিষয় গণ্য করা হচ্ছে।
এদিকে সম্মেলনের আগে গতকাল ভারতে বৈঠক করেছেন রাশিয়া ও ইরানের প্রেসিডেন্ট। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
আজ শুরু হতে যাওয়া এই সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংসহ অন্যান্য দেশের নেতারা অংশ নেবেন। দুই দিনব্যাপী বার্ষিক এই সম্মেলনে মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধ, বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা এবং তেলের বাজার গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পশ্চিমা শক্তির প্রভাবাধীন প্রতিষ্ঠানগুলোতে নিজেদের প্রভাব বাড়ানোর লক্ষ্যে বড় উদীয়মান অর্থনীতির দেশগুলোর একটি জোট হিসেবে ২০০৯ সালে ব্রিকস গঠিত হয়।
গতকাল বৈঠকের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভ্যর্থনা জানান। ২০২৫ সালের ডিসেম্বরের পর এবারই প্রথম ভারতে এলেন পুতিন। তিনি নয়াদিল্লির অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার।