আসন্ন সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের অধিবেশনে যোগদান এবং একটি দ্বিপক্ষীয় সফরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে ভারত।
আজ মঙ্গলবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
সংবাদ সম্মেলনে জয়সওয়াল বলেন, “বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে দ্বিপক্ষীয় সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল। এর পাশাপাশি, আঞ্চলিক জোট বিমসটেক-এর বর্তমান সভাপতি হিসেবে আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ’ অধিবেশনে যোগ দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।”
ঢাকায় ভারতীয় হাইকমিশনারের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বৈঠককে অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক হিসেবে উল্লেখ করে মুখপাত্র জানান, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারত ও বাংলাদেশের সম্পর্ককে এগিয়ে নিতে নিয়মিত যোগাযোগ ও উচ্চপর্যায়ের সংলাপ অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্রিকসের ঐতিহ্য অনুযায়ী বিভিন্ন আঞ্চলিক জোটের দায়িত্বে থাকা রাষ্ট্রপ্রধানদের এই অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়। সেই ধারাবাহিকতায় বিমসটেকের বর্তমান চেয়ারপারসন হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই সম্মেলনে যোগদানের আহ্বান জানানো হয়েছে।