যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয়ের ব্র্যাগ মেমোরিয়াল স্টেডিয়ামের কাছে শনিবার গুলির ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছে। হোমকামিং উদ্যাপনের অংশ হিসেবে ওই স্টেডিয়ামে তখন একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল। আহতদের মধ্যে ছয় শিশু রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
টালাহাসি পুলিশের প্রধান লরেন্স রেভেল সাংবাদিকদের জানিয়েছেন, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বার্তা সংস্থা এপির বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, গুলির ঘটনার আগে সেখানে সংঘর্ষ শুরু হয়েছিল। একটি ফুটবল ম্যাচ শেষ হওয়ার পর জনাকীর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ১১ জন গুলিবিদ্ধ হয়েছে। অন্তত তিনজনের আঘাত গুরুতর।
বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, গুলির ঘটনাটি তাদের ক্যাম্পাসের কাছে ঘটেছে। তবে ক্যাম্পাস নিরাপদ রয়েছে।