বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান তথ্যসমাজবিষয়ক জাতিসংঘ গ্রুপের (ইউএনজিআইএস) বহু অংশীজনভিত্তিক পরামর্শক গোষ্ঠীর সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন। গোষ্ঠীটি ইউএনজিআইএস-এমসিজি নামে পরিচিত।
আজ রোববার বিএনএনআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই দায়িত্বে এ এইচ এম বজলুর রহমান অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল উন্নয়ন, কমিউনিটি গণমাধ্যম ও তথ্যপ্রাপ্তি নিয়ে কাজের অভিজ্ঞতা তুলে ধরবেন। পাশাপাশি ডিজিটাল সহযোগিতা এবং তথ্যসমাজবিষয়ক বিশ্বসম্মেলনে (ডব্লিউএসআইএস) গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের আলোচনায় বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি যুক্ত করবেন।
পরামর্শক গোষ্ঠীতে তিনি মানুষকে কেন্দ্রে রেখে অধিকারভিত্তিক ডিজিটাল উন্নয়নের অভিজ্ঞতা তুলে ধরবেন। ডিজিটাল অন্তর্ভুক্তি, ইন্টারনেট গভর্ন্যান্স, দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যের অখণ্ডতা, ডিজিটাল কূটনীতি ও নীতিনির্ধারণকে গণতান্ত্রিক অংশগ্রহণ এবং স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজনের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দেবেন।
ইউএনজিআইএস-এমসিজি সরকার, বেসরকারি খাত, নাগরিক সমাজ, প্রযুক্তি সম্প্রদায়, শিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর অংশগ্রহণকারীদের সঙ্গে ইউএনজিআইএসের মতবিনিময়ের সুযোগ তৈরি করে। এর মাধ্যমে সদস্যরা ইউএনজিআইএসের অগ্রাধিকার সম্পর্কে হালনাগাদ তথ্য জানতে এবং নিজেদের মতামত ও পরামর্শ দিতে পারেন। গোষ্ঠীটি মূলত সংলাপ ও সহযোগিতায় সহায়তা করে।
বর্তমানে ইউএনজিআইএসে ৩১টি সদস্যসংস্থা ও ২১টি পর্যবেক্ষক সংস্থা রয়েছে।
ডব্লিউএসআইএসে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে জাতিসংঘের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের কাঠামো হিসেবে কাজ করে ইউএনজিআইএস। টেকসই উন্নয়নের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার সংক্রান্ত বিষয়ে জাতিসংঘ ব্যবস্থার মধ্যে নীতিগত সামঞ্জস্য ও সহযোগিতা বাড়ানোও এর লক্ষ্য।
বিএনএনআরসি ২০১৬ সালে জাতিসংঘের ডব্লিউএসআইএস পুরস্কার অর্জন করে। এ ছাড়া ২০১৭, ২০১৯, ২০২০, ২০২১, ২০২৩ ও ২০২৫ সালে ডব্লিউএসআইএস চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি পায় সংস্থাটি।