সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ১৫২টি শিশু।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মৃত আট শিশুর কেউই নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল না। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট এক হাজার ২০ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০২ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও এর উপসর্গ নিয়ে এই সময়ে মোট এক হাজার ১২২ শিশু মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় ৪৩ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ১০৯। একই সময়ে এক হাজার তিন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮২৩ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৯৫ হাজার ১৯৭, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৬৬৬। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট এক লাখ ৭৩ হাজার ২৪ রোগী, যাদের মধ্যে এক লাখ ৬৭ হাজার ৭৫৬ জন ছাড়পত্র পেয়েছে।