Advertisement

দুটি নতুন থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

দুটি নতুন থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার
নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন। ছবি: ইউএনবি

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়েছে।

Advertisement

আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলুর বরাতে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

Advertisement

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে।

এ ছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবগঠিত মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, বগুড়া জেলার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা’ পৌরসভা এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর’ পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

পাশাপাশি ময়মনসিংহ জেলার নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া লক্ষ্মীপুরের সদর উপজেলাকে বিভক্ত করে গঠিত নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজা থেকে সরিয়ে হাজিরপাড়া ইউনিয়নের উত্তর চন্দ্রপুর ও হাজিরপাড়া মৌজায় স্থানান্তর করা হবে।

একইভাবে, কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে গঠিত নবগঠিত বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজা থেকে সরিয়ে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থানান্তর করা হবে।

নতুন থানা প্রতিষ্ঠা ও বিদ্যমান একটি থানার নাম পরিবর্তনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা হয়েছে। অন্যদিকে, পৌরসভা গঠন ও উপজেলা সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাব করেছে স্থানীয় সরকার বিভাগ।