Advertisement

জবিতে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার শিক্ষার্থী তিনদিনের রিমান্ডে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

জবিতে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার শিক্ষার্থী তিনদিনের রিমান্ডে
গ্রেপ্তার মো. রেজওয়ান আহম্মেদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ছবি: চরচা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার এক শিক্ষার্থীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Advertisement

আজ বুধবার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।

এর আগে আসামিকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল আলম টুটুল। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

রিমান্ডে নেওয়া শিক্ষার্থীর নাম মো. রেজওয়ান আহম্মেদ (২৪)। রিমান্ড আবেদনে তাকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জবি শাখার অর্থবিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।

Advertisement

এদিন আদালতে আসামি রেজওয়ানের পক্ষে আইনজীবী গোলাম রাব্বানী, শরিফুল ইসলামসহ কয়েকজন রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৯ নভেম্বর রাত ৭টা ৪৫ মিনিটের দিকে জবির দ্বিতীয় গেটের পাকা রাস্তার ওপর একটি ককটেল বিস্ফোরিত হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে আসামি রেজওয়ানকে একটি অবিস্ফোরিত ককটেলসহ আটক করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে আরও বলা হয়, আটকের পর জিজ্ঞাসাবাদে রেজওয়ান জানিয়েছেন, এ ঘটনায় এজাহারনামীয় অন্য আসামিদের পাশাপাশি অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জন জড়িত ছিলেন। দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে তারা ককটেল বিস্ফোরণ ঘটান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় উত্তেজিত জনতা রেজওয়ানকে মারধর করলে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে মামলার নথিতে বলা হয়েছে।

এ ঘটনায় কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মো. ইমরান হোসাইন বাদী হয়ে রেজওয়ান, এজাহারনামীয় অন্য আসামি এবং অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে মামলা করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলাটি তদন্তাধীন। আসামিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং বিস্ফোরণের পেছনের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা প্রয়োজন। জামিন পেলে আসামি পলাতক হতে পারেন বলেও আবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়।