Advertisement

বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশ ৮৪তম

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশ ৮৪তম
রাজধানীর সিরডাপ মিলনায়তনে গোলটেবিল বৈঠকে অতিথিরা। ছবি: একশনএইড বাংলাদেশ

বৈশ্বিক ক্ষুধা সূচক ২০২৬-এ ১২২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪তম। আজ সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সুস্থ মাটি, ফসল ও পরিবেশের জন্য জৈব সার উৎপাদনকে উৎসাহিত করা এবং ভর্তুকি প্রদান’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ তথ্য জানানো হয়।

Advertisement

এক বিজ্ঞপ্তিতে একশনএইড বাংলাদেশ জানিয়েছে, বৈঠকে বক্তারা বলেন- খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলেও পুষ্টি নিশ্চিতের ক্ষেত্রে বাংলাদেশ এখনো পিছিয়ে। বৈশ্বিক ক্ষুধা সূচক ২০২৬-এ ১২২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪তম।

Advertisement

অন্যদিকে, দীর্ঘদিন ধরে রাসায়নিক সার ব্যবহারের কারণে মাটির উর্বরতা কমছে। এ পরিস্থিতিতে মাটির স্বাস্থ্য রক্ষা, পুষ্টিমানসম্পন্ন খাদ্য উৎপাদন এবং টেকসই কৃষিব্যবস্থা গড়ে তুলতে জৈব সার উৎপাদন ও ব্যবহারে ভর্তুকি দেওয়ার পাশাপাশি এর প্রসারে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা।

প্রথম কারিগরি অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. এম. আব্দুস সালাম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোছা. সাবিরা সুলতানা।

বক্তারা বলেন, জৈব সার ব্যবহারে কোনো কোনো ক্ষেত্রে ফসলের তাৎক্ষণিক উৎপাদন রাসায়নিক সারের তুলনায় কম হতে পারে। তবে মাটির স্বাস্থ্য ও ফসলের গুণগত মান বজায় রাখতে জৈব সারের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই রাসায়নিক সারের ব্যবহার পুরোপুরি বাদ না দিয়ে মাটি ও ফসলের ধরন অনুযায়ী জৈব ও রাসায়নিক সারের সমন্বিত প্রয়োগ নিশ্চিত করতে হবে।

প্রান্তিক পর্যায়ের কৃষক ও উদ্যোক্তারা জৈব সার ব্যবহারের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা জানান, জৈব সার উৎপাদন ও বাজারজাতকরণের ক্ষেত্রে নিবন্ধনপ্রক্রিয়ায় নানা প্রশাসনিক জটিলতার মুখে পড়তে হয়। এছাড়া, সারের মান যাচাই ও পর্যবেক্ষণের কার্যকর ব্যবস্থা না থাকায় বাজারে মানসম্মত জৈব সার নিশ্চিত করাও কঠিন হয়ে পড়ছে।

দ্বিতীয় কারিগরি অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালক মো. আনোয়ার ফারুক। তিনি জৈব সার উদ্যোক্তাদের নিবন্ধনপ্রক্রিয়া সহজ করতে জেলা পর্যায়ে নিবন্ধনের ব্যবস্থা চালুর প্রস্তাব দেন।

বৈঠকে জৈব সার উৎপাদনকারী উদ্যোক্তাদের জন্য ভর্তুকির নীতিমালা প্রণয়ন, নিবন্ধনপ্রক্রিয়া সহজ করা এবং সারের মান নিয়ন্ত্রণ ও বাজারজাতকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে সুপারিশ উঠে আসে।