Advertisement

বাংলাদেশে সব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে: জাতিসংঘ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

বাংলাদেশে সব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে: জাতিসংঘ
জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক। ছবি: ইউএনবি

শান্তিপূর্ণ বিক্ষোভের গুরুত্ব তুলে ধরে জাতিসংঘের মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেছেন, বাংলাদেশে সহিংসতার সব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

Advertisement

গতকাল স্থানীয় সময় সোমবার নিউইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলার বিষয়ে জাতিসংঘের মন্তব্য জানতে এক বাংলাদেশি সাংবাদিক প্রশ্ন করলে তিনি এ কথা বলেন।

উপমুখপাত্র সাংবাদিকদের বলেন, “আমরা মনে করি, সহিংসতার সব ঘটনারই জাতীয় কর্তৃপক্ষের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা উচিত।…তবে আমাদের পক্ষ থেকে আমরা অবশ্যই মনে করি, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে। কিন্তু আমরা জোর দিয়ে বলছি, প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।”

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

Advertisement

দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক ক্ষমতায়নে কাজ করা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় সাম্প্রতিক সময়ে “ধারাবাহিক অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার” ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এসব হামলার তীব্র নিন্দাও জানিয়েছে তারা।

ব্যাংকটির এক বিবৃতিতে বলা হয়, বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ১০ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, পাবনা, নীলফামারী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, গোপালগঞ্জ ও রংপুরসহ বিভিন্ন এলাকার গ্রামীণ ব্যাংকের মোট ২০টি শাখায় অগ্নিসংযোগ অথবা অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে।

ব্যাংকটি আন্তরিকভাবে আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে, দায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেবে এবং সারা দেশে ব্যাংকের শাখা, কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে।

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বও পালন করেছেন।