Advertisement

দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের ৭১ শতাংশই সোশ্যাল মিডিয়ায়, কোথায় কত?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের ৭১ শতাংশই সোশ্যাল মিডিয়ায়, কোথায় কত?
ছবি: সংগৃহীত

২০২৬ সালের অক্টোবরে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৯ কোটি ৫৩ লাখ, যা মোট জনসংখ্যার ৫৩ দশমিক ৪ শতাংশ। এই ইন্টারনেট ব্যবহারকারীদের ৭১ দশমিক ৭ শতাংশ অন্তত একটি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসেবে ফেসবুক আছে। তবে থ্রেডস, টিকটক, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলো জায়গা করে নিচ্ছে দ্রুত গতিতে।

Advertisement

বিশ্বের মোবাইল নেটওয়ার্ক অপারেটর এবং টেলিকম খাতের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক অলাভজনক বাণিজ্য সংস্থা গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশনের গবেষণা বিভাগ জিএসএমএ ইন্টেলিজেন্স এবং যুক্তরাজ্যভিত্তিক বৈশ্বিক ডেটা ও অ্যানালিটিক্স গবেষণা প্রতিষ্ঠান মানোচি এ তথ্য জানাচ্ছে। এতে ২০২৬ সালের শেষভাগ ও ২০২৭ সালের প্রাক্কালে বাংলাদেশের মোবাইল সংযোগ, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের একটি স্বচ্ছ চিত্র পাওয়া যায়।

Advertisement

মোবাইল সংযোগ ও ব্রডব্যান্ড নেটওয়ার্কের বিস্তৃতি

জিএসএমএ ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শেষের দিকে বাংলাদেশে মোবাইল ফোনের সংযোগ সংখ্যা ছিল ১৮ কোটি ৫০ লাখ। অনেকেই একাধিক সিম বা সংযোগ ব্যবহার করায় (যেমন: ব্যক্তিগত ও কর্মক্ষেত্রের জন্য আলাদা সংযোগ কিংবা ই-সিমের জনপ্রিয়তা বৃদ্ধি) মোট জনসংখ্যার তুলনায় মোবাইল সংযোগের সংখ্যা বেশি হওয়া অস্বাভাবিক নয়। পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের অক্টোবরে বাংলাদেশে মোবাইল সংযোগের সংখ্যা ছিল মোট জনসংখ্যার ১০৪ শতাংশ।

সময়ের ব্যবধানে এই খাতের প্রবৃদ্ধিও লক্ষ্যণীয়। ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের শেষ নাগাদ দেশে মোবাইল সংযোগ বেড়েছে ৯ লাখ ৭৬ হাজার; অর্থাৎ, শূন্য দশমিক ৫ শতাংশ। এর মধ্যে প্রায় ৭৫ দশমিক ৫ শতাংশ সংযোগকে ব্রডব্যান্ড (৩জি, ৪জি বা ৫জি নেটওয়ার্ক) হিসেবে গণ্য করা যায়। তবে সব ব্রডব্যান্ড সংযোগেই যে মোবাইল ইন্টারনেট ব্যবহৃত হয়- বিষয়টি এমন নয়। কারণ অনেক সংযোগ কেবল ভয়েস কল ও এসএমএস সেবার জন্য ব্যবহৃত হয়।

ইন্টারনেট ব্যবহার ও সংযোগের গতি

মানোচির উপাত্ত বিশ্লেষণ অনুসারে, ২০২৬ সালের অক্টোবরে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৯ কোটি ৫৩ লাখ, যা মোট জনসংখ্যার ৫৩ দশমিক ৪ শতাংশ। আইটিইউ, ইউরোস্ট্যাট এবং বিভিন্ন প্রযুক্তি জায়ান্টের টুলসের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি এই পরিসংখ্যানে দেখা যায়, এক বছরে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ১১ লাখ বা ১ দশমিক ২ শতাংশ। এর বিপরীতে, বছরের শেষ নাগাদও দেশের ৪ কোটি ৬১ লাখ; অর্থাৎ, ৪৬ দশমিক ৬ শতাংশ ইন্টারনেটের আওতার বাইরে বা অফলাইনে ছিলেন।

ইন্টারনেটের গতির ক্ষেত্রে বিশ্বজুড়ে ইন্টারনেট সংযোগের গতি, কর্মক্ষমতা এবং নেটওয়ার্ক ডায়াগনস্টিকস বিশ্লেষণের জন্য সুপরিচিত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান উকলা। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্যমতে, ২০২৬ সালের আগস্ট পর্যন্ত বিগত ১২ মাসে বাংলাদেশে গড়ে মোবাইল ইন্টারনেটের ডাউনলোডের গতি ১ দশমিক ৯৪ এমবিপিএস, যা আগের চেয়ে ৫ দশমিক ৩ শতাংশ বেশি। একই সময়ে বাংলাদেশে সাধারণ ফিক্সড ইন্টারনেট সংযোগের ডাউনলোডের গতি ছিল ১০ দশমিক ৮৯ এমবিপিএস, যা আগের চেয়ে ১৮ দশমিক ১ শতাংশ বেশি।

সামাজিক যোগাযোগমাধ্যমের সামগ্রিক চিত্র

২০২৬ সালের অক্টোবরের উপাত্ত অনুযায়ী, বাংলাদেশে সক্রিয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আইডি বা প্রোফাইলের সংখ্যা ছিল ছয় কোটি ৮৩ লাখ, যা মোট জনসংখ্যার ৩৮ দশমিক ৩ শতাংশ। মোট ইন্টারনেট ব্যবহারকারীর প্রায় ৭১ দশমিক ৭ শতাংশ অন্তত একটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১৮ বছর বা তার বেশি বয়সী জনগোষ্ঠীর মধ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহারের হার ছিল ৫৭ দশমিক ১ শতাংশ, যার মধ্যে ৩৯ দশমিক ৭ শতাংশ নারী এবং ৬০ দশমিক ৩ শতাংশ পুরুষ।

জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর ব্যবহার ও প্রবৃদ্ধি

বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের চিত্রটি কেবল সার্বিক পরিসংখ্যানেই সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি পৃথক প্ল্যাটফর্মের নিজস্ব ধরন, ব্যবহারকারী শ্রেণি এবং বৃদ্ধির ভিন্ন ভিন্ন গতি রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষেত্রে ফেসবুক, ইউটিউবের বাইরে ইনস্টাগ্রাম, থ্রেডসের মতো প্ল্যাটফর্ম ক্রমশ জনপ্রিয় হচ্ছে।

ফেসবুক

বাংলাদেশে সোশ্যাল মিডিয়ার কথা উঠলেই সবার আগে আসে ফেসবুকের নাম। একে দেশের সর্বজনীন যোগাযোগের মূল কেন্দ্রবিন্দু বললে ভুল হবে না। মেটার বিজ্ঞাপনী উপাত্ত অনুযায়ী, ২০২৬ সালের শেষের দিকে দেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ছয় কোটি ৪১ লাখে।

এই বিশাল ব্যবহারকারী গোষ্ঠী দেশের মোট জনসংখ্যার ৩৫ দশমিক ৯ শতাংশের সমান। তবে প্ল্যাটফর্মটির প্রবেশের সর্বনিম্ন বয়সসীমা (১৩ বছর) বিবেচনা করলে দেখা যায়, দেশে ১৩ বছর বা তার বেশি বয়সী অডিয়েন্সের ৪৭ দশমিক ১ শতাংশই ফেসবুক ব্যবহার করেন। অন্যদিকে, কেবল প্রাপ্তবয়স্কদের (১৮+ বছর) হিসাব করলে এই হার বেড়ে দাঁড়ায় ৫৩ দশমিক ৬ শতাংশে।

প্রাপ্তবয়স্ক অডিয়েন্সের ক্ষেত্রে দেখা যায়, এতে পুরুষের উপস্থিতি বেশি। মেটার তথ্য অনুযায়ী, প্ল্যাটফর্মটিতে ৬২ দশমিক ৮ শতাংশ পুরুষ ব্যবহারকারীর বিপরীতে নারী ব্যবহারকারীর হার ৩৭ দশমিক ২ শতাংশ। তবে দীর্ঘ দিন ধরে বাজারে শক্তিশালী অবস্থান ধরে রাখার ফলে এতে নতুন ব্যবহারকারী যুক্ত হওয়ার গতি কিছুটা ধীর।

ইউটিউব

ভিডিও কনটেন্টের জন্য দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ও জনপ্রিয় মাধ্যম হিসেবে ইউটিউব তার অবস্থান ধরে রেখেছে। গুগলের বিজ্ঞাপন সংক্রান্ত রিসোর্স অনুযায়ী, ২০২৬ সালের শেষভাগে বাংলাদেশে ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা পাঁচ কোটি ৪৩ লাখে পৌঁছেছে।

এই সংখ্যাটি দেশের মোট জনসংখ্যার ৩০ দশমিক ৪ শতাংশ এবং দেশে বিদ্যমান মোট ইন্টারনেট ব্যবহারকারীর ৫৭ শতাংশের সমান। অর্থাৎ, ইন্টারনেটে সক্রিয় অর্ধেকেরও বেশি মানুষ নিয়মিত ভিডিও কনটেন্ট দেখতে ইউটিউব ব্যবহার করেন।

ইউটিউবের বিজ্ঞাপনী অডিয়েন্সের মধ্যে প্রাপ্তবয়স্ক পুরুষ ৬২ দশমিক ৩ শতাংশ এবং নারী ৩৭ দশমিক ৭ শতাংশ। অন্যান্য কনটেন্টভিত্তিক মাধ্যমের সঙ্গে পাল্লা দিয়ে ইউটিউব দ্রুতগতিতে প্রসারিত হচ্ছে। ২০২৫ থেকে ২০২৬ সালের মধ্যে এর বিজ্ঞাপনের রিচ বেড়েছে ৪৫ লাখ, যা আগের চেয়ে ৯ শতাংশ বেশি।

টিকটক

ছোট ভিডিও বা শর্ট-ফর্ম কন্টেন্টের ব্যাপক জনপ্রিয়তার ওপর ভর করে টিকটক দেশে এক বিশাল অডিয়েন্স তৈরি করেছে। টিকটকের নিজস্ব বিজ্ঞাপনী টুলসের উপাত্ত অনুযায়ী, ২০২৬ সালের শেষে বাংলাদেশে ১৮ বছর বা তার বেশি বয়সী টিকটক ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৮৩ লাখে।

দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৫৭ দশমিক ১ শতাংশের কাছে টিকটক বিজ্ঞাপনের মাধ্যমে পৌঁছানো সম্ভব। ২০২৬ সালে বাংলাদেশে টিকটকের প্রাপ্তবয়স্ক বিজ্ঞাপনী অডিয়েন্সের মধ্যে ৩৯ দশমিক ৭ শতাংশ নারী এবং ৬০ দশমিক ২ শতাংশ পুরুষ রয়েছে।

দেশের শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে টিকটকের বৃদ্ধির হার সবচেয়ে চোখে পড়ার মতো। এক বছরে এর বিজ্ঞাপনী রিচ বেড়েছে এক কোটি ২১ লাখ, যা আগের চেয়ে ২১ দশমিক ৫ শতাংশ বেশি।

ইনস্টাগ্রাম

ছবি ও নান্দনিক জীবনশৈলী উপস্থাপনের জন্য তরুণ ও শহুরে জনগোষ্ঠীর মধ্যে ইনস্টাগ্রাম বেশ জনপ্রিয়। মেটার পরিসংখ্যান অনুসারে, ২০২৬ সালের শেষভাগে এসে বাংলাদেশে ইনস্টাগ্রাম ব্যবহারকারী সংখ্যা এখন এক কোটি ১০ লাখ।

এই সংখ্যাটি মোট জনসংখ্যার ৬ দশমিক ২ শতাংশ হলেও দেশের মোট ইন্টারনেট ব্যবহারকারীর ১১ দশমিক ৫ শতাংশ এখন ইনস্টাগ্রামে সক্রিয়। এর প্রাপ্তবয়স্ক অডিয়েন্সের ৬৩ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৩৪ দশমিক ৯ শতাংশ নারী।

তরুণ প্রজন্মের ইনস্টাগ্রাম ব্যবহারের প্রতি আগ্রহ বেশি। তাই গত এক বছরে ইনস্টাগ্রামের বিজ্ঞাপনী রিচ আগের চেয়ে ২০ দশমিক ২ শতাংশ বেড়েছে।

লিঙ্কডইন

চাকরিপ্রার্থী, করপোরেট পেশাজীবী এবং প্রাতিষ্ঠানিক যোগাযোগের জন্য লিঙ্কডইন বাংলাদেশে তার নিজস্ব অবস্থান সুসংহত করেছে। লিঙ্কডইনের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের শেষের দিকে বাংলাদেশে এর নিবন্ধিত সদস্য সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৪০ লাখে। এ সংখ্যা দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী জনসংখ্যার ১১ দশমিক ৭ শতাংশের সমান।

প্রাতিষ্ঠানিক ও পেশাগত ক্ষেত্রে সামাজিক পরিস্থিতির প্রতিফলনে এই প্ল্যাটফর্মে পুরুষের অনুপাত অনেকটাই বেশি- ৭১ শতাংশ পুরুষ এবং ২৯ শতাংশ নারী।

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে প্রস্তাব পাস। ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে প্রস্তাব পাস। ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে দেশে পেশাগত নেটওয়ার্কিংয়ের প্রয়োজনীয়তা বাড়ায় এক বছরে লিঙ্কডইনের অডিয়েন্স ১৬ দশমিক ৭ বেড়েছে।

রেডডিট

বিভিন্ন নির্দিষ্ট বিষয়, প্রযুক্তি এবং ফোরাম আলোচনার জন্য রেডডিট বাংলাদেশে একটি নির্দিষ্ট (নিশ) কিন্তু সক্রিয় অডিয়েন্স তৈরি করেছে। ২০২৬ সালের শেষে দেশে রেডডিট ব্যবহারকারীর সংখ্যা হয়েছে ১১ লাখ ৪০ হাজার। এটি দেশের মোট জনসংখ্যার শূন্য দশমিক ৬ শতাংশ এবং মোট ইন্টারনেট ব্যবহারকারীদের ১ দশমিক ২ শতাংশকে কভার করে।

ছোট ব্যবহারকারী ভিত্তি হওয়া সত্ত্বেও এর বার্ষিক বৃদ্ধির হার বেশ জোরালো। এক বছরে ব্যবহারকারী পরিধি ২৫ শতাংশের বেশি বেড়েছে।

এক্স

সংবাদ, টেক্সটভিত্তিক মতামত ও বৈশ্বিক ট্রেন্ড অনুসরণের জন্য দেশে এক্স-এর একটি নির্দিষ্ট ব্যবহারকারী শ্রেণি রয়েছে। এক্স-এর বিজ্ঞাপন রিসোর্স নির্দেশ করে, ২০২৬ সালের শেষের দিকে বাংলাদেশে এর বিজ্ঞাপন পৌঁছানোর পরিমাণ ছিল ১২ লাখ ৪০ হাজার। এটি দেশের মোট জনসংখ্যার শূন্য দশমিক ৭ শতাংশ এবং মোট ইন্টারনেট ব্যবহারকারীর ১ দশমিক ৩ শতাংশের সমান।

এক্স-এর অনুমানভিত্তিক লিঙ্গ উপাত্ত অনুযায়ী এর ব্যবহারকারীদের ৭৪ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ২৫ দশমিক ১ শতাংশ নারী। তবে ব্র্যান্ড ও নন-হিউম্যান অ্যাকাউন্ট থাকায় এই পরিসংখ্যানে কিছুটা তফাত থাকতে পারে।

এক বছরের ব্যবধানে এক্স-এর বিজ্ঞাপন পৌঁছানোর পরিধি ৬ শতাংশ বেড়েছে।

থ্রেডস

টেক্সট ও রিয়েল-টাইম আপডেটের জন্য মেটার প্রবর্তিত থ্রেডস বাংলাদেশে দ্রুত জায়গা করে নিচ্ছে। মেটার সংস্থান অনুযায়ী, ২০২৬ সালের শেষে বাংলাদেশে থ্রেডস ব্যবহারকারীর সংখ্যা হয়েছে ১৪ লাখ। এটি দেশের মোট জনসংখ্যার ০ দশমিক ৮ শতাংশ এবং প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ১ দশমিক ২ শতাংশের প্রতিনিধিত্ব করে। এ প্ল্যাটফর্মে প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের মধ্যে ৭২ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ২৭ দশমিক ৩ শতাংশ নারী থ্রেডস ব্যবহার করেন।

সব প্ল্যাটফর্মের মধ্যে বার্ষিক শতকরা বৃদ্ধির হিসাবে থ্রেডস সবচেয়ে এগিয়ে। গত এক বছরে এর বিজ্ঞাপনী রিচ ৫০ দশমিক ২ শতাংশ বেড়েছে।