অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (ওইইবি) সঙ্গে সম্প্রতি ২০ মিলিয়ন ইউরোর টার্ম লোন চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রাইম ব্যাংক।
ঢাকায় প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক শামস আবদুল্লাহ মুহাইমিন এবং ওইইবির সিনিয়র ইনভেস্টমেন্ট অফিসার ইলকা ভোগেল উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় প্রাপ্ত অর্থ বাংলাদেশে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) মাঝে ঋণ হিসেবে বিতরণ করা হবে। এর মাধ্যমে ব্যবসার প্রবৃদ্ধি, সম্প্রসারণ, বিনিয়োগ ও চলতি মূলধনের প্রয়োজন মেটাতে উদ্যোক্তারা অর্থায়নের সুযোগ পাবেন। এই ঋণ সুবিধা কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখা এমএসএমই খাতের অর্থায়ন সক্ষমতা আরও জোরদার করবে।
অস্ট্রিয়ার ডেভেলপমেন্ট ব্যাংক হিসেবে ওইইবি উন্নয়নশীল দেশ ও উদীয়মান বাজারগুলোতে টেকসই ও ইতিবাচক প্রভাব সৃষ্টিকারী বিনিয়োগে সহায়তা করে। প্রাইম ব্যাংক দীর্ঘদিন ধরে বিভিন্ন আকারের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্রচলিত ও ইসলামি ব্যাংকিংয়ের আওতায় বিভিন্ন ধরনের অর্থায়ন সুবিধা দিয়ে আসছে।