পাঁচ বিশিষ্ট ব্যক্তির সমন্বয়ে আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদ গঠন করেছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। পরিষদে রয়েছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট, মালির সাবেক প্রধানমন্ত্রীসহ সুশাসন, কূটনীতি ও আন্তর্জাতিক উন্নয়ন খাতের বিশেষজ্ঞরা। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সিজিএস।
সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন–সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট (২০০৪-২০১২) বরিস তাদিচ, মালির সাবেক প্রধানমন্ত্রী ও ক্লাব ডি মাদ্রিদের বোর্ড সদস্য মুসা মারা, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল পাবলিক ম্যানেজমেন্ট নেটওয়ার্কের প্রেসিডেন্ট ড ক্লে জি ওয়েসকট ও রাষ্ট্রবিজ্ঞানী ও আন্তর্জাতিক উন্নয়ন বিশেষজ্ঞ ড. তানিয়েল বেদিয়া তাইসি।
সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান বলেন, “বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এই উপদেষ্টা পরিষদ গঠন সিজিএসের আন্তর্জাতিক কার্যক্রম সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাদের অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ মতামত আমাদের গবেষণাকে আরও সমৃদ্ধ করবে এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে। পাশাপাশি বাংলাদেশসহ বৈশ্বিক পরিসরে গণতান্ত্রিক সুশাসন, জবাবদিহি ও তথ্যপ্রমাণভিত্তিক নীতিনির্ধারণের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সহায়তা করবে।”