ইন্ডিয়ান চেম্বার অব কমার্স আয়োজিত ‘৪র্থ আইসিসি ইমার্জিং এশিয়া ব্যাংকিং কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘বেস্ট ব্যাংক– বাংলাদেশ’ ও ‘বেস্ট পারফরম্যান্স অন গ্রোথ– বাংলাদেশ’ ক্যাটাগরিতে সম্মানজনক পুরস্কার পেয়েছে পূবালী ব্যাংক পিএলসি।
প্রেস বিজ্ঞপ্তিতে পূবালী ব্যাংক জানিয়েছে, ভারতের নয়াদিল্লির লে মেরিডিয়ান হোটেলে গত ২৪ জুলাই ২০২৬ তারিখে আয়োজিত এই অনূষ্ঠানে পূবালী ব্যাংকের পক্ষে আন্তর্জাতিক পুরস্কার দুটি গ্রহণ করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।
এই পুরস্কার উদ্যাপনে ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারকে সঙ্গে নিয়ে পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের বর্তমান চেয়ারম্যান মনজুরুর রহমান; অন্য পরিচালকদের মধ্যে হাবিবুর রহমান, আজিজুর রহমান, মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল, রানা লায়লা হাফিজ, মোস্তফা আহমেদ, আরিফ আহমেদ চৌধুরী ও কবির আহমেদ; স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী ও অধ্যাপক ড. হাসিনা শেখ এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এক আনন্দঘন পরিবেশে কেক কাটেন। ব্যাংকের কোম্পানী সেক্রেটারি ও মহাব্যবস্থাপক মোঃ আনিসুর রহমান, চিফ ফিনান্সিয়াল অফিসার ও মহাব্যবস্থাপক মোঃ লিটন মিয়া এফসিএ এবং চিফ প্রটোকল অফিসার মোঃ শাহ আলম এ সময় উপস্থিত ছিলেন।
এ অর্জন প্রসঙ্গে ব্যাংকটির চেয়ারম্যান মনজুরুর রহমান বলেন, এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের অন্যতম হিসেবে পূবালী ব্যাংক পিএলসি’র অবস্থানকে আরও সুসংহত করেছে। ব্যাংকিং উৎকর্ষ, টেকসই প্রবৃদ্ধি, সুশাসন, উদ্ভাবন এবং সর্বোচ্চ মানের গ্রাহকসেবার প্রতি ব্যাংকের অবিচল অঙ্গীকারেরই প্রতিফলন এ অর্জন বলে জানান তিনি। আরও বলেন, নিরাপদ, প্রযুক্তিনির্ভর ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবার মাধ্যমে পূবালী ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং দেশের সর্বস্তরের জনগণের আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে।
ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, এই স্বীকৃতি আমাদের সম্মানিত গ্রাহকদের অবিচল আস্থা, শেয়ারহোল্ডারদের বিশ্বাস, পরিচালনা পর্ষদের দূরদর্শী দিকনির্দেশনা এবং কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও নিরলস অঙ্গীকারের প্রতিফলন। এ অর্জন ভবিষ্যতেও পূবালী ব্যাংককে আরও দায়িত্বশীল, উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা প্রদান করতে অনুপ্রাণিত করবে।